আশুলিয়ার বিভিন্ন কারখানায় হামলা ও লুটপাটের ঘটনায় ১,৯১০ জনকে আসামি করে মামলা
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আশুলিয়ার বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে প্রায় ২০০ জন বহিরাগত হঠাৎ করে ইয়াগী বাংলাদেশ গার্মেন্টসে হামলা চালায়। তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে লুটপাট ও ভাঙচুর করে। এ সময় নিরাপত্তা প্রধান আবুল কাশেম ঠাকুরসহ কয়েকজন কর্মকর্তা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। হামলাকারীরা ল্যাপটপ, মনিটর, সিসি ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
এর আগে বুধবার টংগাড়ি এলাকার ন্যাচারাল ডেনিমস লিমিটেড কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) সবুজ হাওলাদার চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন। এজাহারনামীয় আসামিরা হলেন বুলেট, সুজন সরদার, হারুন অর রশিদ ও মো. গাদ্দাফি, যারা কারখানার শ্রমিক। এজাহারে বলা হয়, তারা বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ রেখে উচ্ছৃঙ্খল আচরণ করছিল এবং পরবর্তীতে নিরীহ শ্রমিকদের কাজে বাধা দেয় ও মারধর করে।
এছাড়া আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড কারখানার ব্যস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেন তপন একই দিনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আরেকটি মামলা করেন। এজাহারে বলা হয়, ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে পাশের জেনারেশন নেক্সট লিমিটেডের শ্রমিকরা ডিসাং সোয়েটার কারখানায় হামলা চালায় এবং ভাঙচুর ও লুটপাট করে।
অপরদিকে বঙ্গবন্ধু রোড এলাকার আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড, লাম-মিম অ্যাপারেলস এবং লাম-মিম অ্যাসোসিয়েট লিমিটেড কারখানার ব্যবস্থাপক (এইচআর) মো. রেফাই সিদ্দিক ৯ সেপ্টেম্বর থানায় একটি মামলা করেন, যেখানে ৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
জিরাব পুকুরপাড় এলাকার লুসাকা গ্রুপের সহকারী ব্যবস্থাপক (এইচআর) মো. সোহেল রানা ৯ সেপ্টেম্বর আরও একটি মামলা করেন, যেখানে ২৭ জনের নাম উল্লেখসহ ৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, আশুলিয়ার গৌরিপুর এলাকার ম্যাকসসন্স স্পিনিং মিলসের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. মাকসুদুর রহমান ৫ সেপ্টেম্বর একটি মামলা করেন, যেখানে ১,২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ওইদিন দুপুরে ৫০-৬০ জন বহিরাগত দা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে কারখানায় হামলা চালায় এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।
পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, ৫ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারখানা কর্তৃপক্ষ পৃথক মামলাগুলো করেছে এবং সব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments