হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে
বন্যার্তদের সহায়তার জন্য তোলা ত্রাণ এবং অর্থ সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের বিস্তারিত তথ্য জানানো হয়েছিল। ব্যয়ের পর অতিরিক্ত টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামি ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে আলাদা একাউন্ট খোলা হয়েছে, যেখানে তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই একাউন্ট থেকে কোনো টাকা উত্তোলন করা হয়নি।
তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। গঠনমূলক সমালোচনা গ্রহণে আমরা আগ্রহী এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আমরা চাই আগামী বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহির মডেল।

0 Comments