সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানা থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তার কর্মী-সমর্থকরা।
মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার সদরের পিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, দুপুর পৌনে ৩টার দিকে চেয়ারম্যান আব্দুল্লাহকে সদর থানা হেফাজতে নিয়ে আসা হলে তার হাজারো কর্মী-সমর্থক এসে সদর থানা থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম।
তিনি বলেন, ‘পিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথবাহিনী গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে যান। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় আব্দুল্লাহর সন্ত্রাসী বাহিনী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ওসি আরও বলেন, ‘গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদিঘীরপাড়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় গুলিতে মারা যান আহসান হাবীব নামে এক তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারী ছিলেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষে দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’

0 Comments